নির্বাচিত হলে সরকারি হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেবো: এস এম জাহাঙ্গীর
- আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বাচিত হলে ঢাকা-১৮ এলাকায় একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে বিভিন্ন কল্যাণ সমিতি, মসজিদ কমিটি ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ঢাকা-১৮ এলাকাকে একটি মডেল আসনে রূপান্তর করবো। জুলুমবাজ, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত এলাকা গড়াই হবে আমার প্রথম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা-১৮ এলাকার অনেক সেবা প্রতিষ্ঠান সঠিকভাবে সেবা দিতে পারছে না। আমি নির্বাচিত হলে এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করবো। আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আজীবন একজন সেবক হিসেবেই আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
শনিবার সকাল ১১টায় রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার প্রাঙ্গণে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিমুল আহমেদ, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরা পশ্চিম থানা বিএনপির আজমল হুদা মিঠু, আব্দুস সালাম, আলাউদ্দিন আহমেদ, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, আওলাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ, রিপন হাসান খন্দকার, আলমাছ আলী, চান মিয়া বেপারী, এবি সিদ্দিক, বৃহত্তর উত্তরা থানার সাবেক বিএনপি নেতা শাহাবুদ্দিন সাগর এবং সাবেক যুবদল নেতা মনোয়ারুল ইসলাম তিতাস।
গণসংযোগকালে ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডসহ উত্তরা পশ্চিম থানা এলাকায় স্থানীয় বাসাবাড়ির বারান্দা থেকে বয়োবৃদ্ধ নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিতে দেখা যায়।







